দ্বাদশ নির্বাচনে ভোট দিলেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ বিকাল ০৩:৩১, বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ১৯ পৌষ ১৪৩০
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পোস্টাল ব্যালটের মাধ্যমে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন। বুধবার (০৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা বঙ্গভবনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পাবনা সদরের ভোটার।
ভোট প্রদান শেষে আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। সবার অংশগ্রহণে সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান।