শীত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ দুপুর ০২:৪৮, শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১৪ পৌষ ১৪৩০
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী রোববার (৩১ ডিসেম্বর) থেকে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। এর ফলে দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জায়গায় শীত জেঁকে বসতে পারে। শুক্রবার (২৯ ডিসেম্বর) এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আরও বলা হয়েছে, শনি ও রোববার দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা কমতে পারে। সেই সঙ্গে পরবর্তী পাঁচ দিনে রাত এবং দিনের তাপমাত্রা আরও কমতে পারে।
প্রসঙ্গত, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস।