ভোট পর্যবেক্ষণ করবেন দেশের ২০ হাজার ৭৭৩ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ বিকাল ০৪:৫৯, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ১৩ পৌষ ১৪৩০
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ২০ হাজার ৭৭৩ জন নির্বাচন পর্যবেক্ষণ করবেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন তিনি।
মো. শরিফুল আলম বলেন, ভোট পর্যবেক্ষণকারীদের মধ্যে কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষক সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবেন। এসব পর্যবেক্ষক সংস্থার কতজন পর্যবেক্ষক কোন আসনের কোন জেলার কোন উপজেলায় নির্বাচন পর্যবেক্ষণ করবেন, তা নির্ধারণ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, ইসি সচিবালয় থেকে শুধুমাত্র কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার দেওয়া হবে। এ ছাড়া অনুমোদিত স্থানীয় পর্যবেক্ষকদের পরিচয়পত্র ও গাড়ির স্টিকার স্ব স্ব রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে।