দরিদ্র ও অতি দরিদ্র বেশি বরিশালে : বিবিএস
বর্তমানে দেশে দারিদ্র্যের হার ১৮.৭ শতাংশ। ২০১৬ সালে ছিল ২৪.৩ শতাংশ। এদিকে দেশে দরিদ্র ও অতি দরিদ্র বেশি বরিশাল বিভাগে। বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনের অডিটোরিয়ামে হাউজহোল্ড ইনকাম অ্যান্ড এক্সপেনডিচার সার্ভে (এইচআইইএস) ২০২২-এর চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, দেশে অতি দারিদ্র্যের হারও কমেছে। দেশে অতি দারিদ্র্যের হার এখন ৫.৬ শতাংশ। ২০১৬ সালে এই হার ছিল ১২.৯ শতাংশ।
এতে বলা হয়, উচ্চ ও নিম্ন উভয় দারিদ্র্য রেখার মাধ্যমে প্রাপ্ত হিসাব অনুযায়ী ২০২২ সালে বরিশাল বিভাগে দারিদ্র্যের হার বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ। ২০২২ সালে বরিশালে উচ্চ দারিদ্র্য রেখা অনুযায়ী দারিদ্র্য হার ২৬.৯ শতাংশ।
আর সবচেয়ে কম খুলনা বিভাগে। এই বিভাগে দারিদ্র্যের হার ১৪.৮। আর দেশের সার্বিক দারিদ্র্যের হার ১৮.৭।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বিশেষ অতিথি ছিলেন, ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন এনডিসি, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. মো. কাউছার আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিবিএস মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এবং মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মহিউদ্দিন আহমেদ এমপিএইচ।