জিয়াউর রহমানকে নিয়ে কবিতা আবৃত্তি করলেন জুবাইদা রহমান
প্রথমবারের মতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন। গতকাল, ১৮ জানুয়ারি ২০২৫, ঢাকার শাহবাগে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে জেডআরএফ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। এই অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ করেন তিনি।
ডা. জুবাইদা রহমান বলেন, "আমার শ্রদ্ধেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিনে আমি শৈশব ও কৈশোরের দিনগুলোর কথা স্মরণ করি, যখন আমি জাতীয় শিশু সংগঠন ও শিশু-কিশোরদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম।"
এ সময় তিনি জিয়াউর রহমানকে নিয়ে একটি কবিতা আবৃত্তি করেন, যা নিম্নরূপ:
কবিতাটি:
তুমি নির্ভীক, তুমি গণতন্ত্রের প্রতীক।
জনতার অধিকারের অতন্দ্র প্রহরী তুমি,
অসাধারণ সাহসী মূর্তি।
তুমি নেতা, তুমি কঠোর পরিশ্রমী।
দিন কেটেছে তোমার সবার চিন্তায় বিরামহীন।
তুমি সূর্যরশ্মি, চাঁদের আলোর মতো।
তাই আজ বহুদূরে থেকেও আমরা তোমার আলোয় আলোকিত।
তুমি বিদ্রোহী, তুমি আশার আলোয় আরোহী।
তুমি বিজয়ী, তুমি মৃত্যুঞ্জয়ী,
তুমিই স্বাধীনতা।
পরিশেষে সকলকে ধন্যবাদ।
প্রসঙ্গত, রাজনৈতিক পরিবারের পুত্রবধূ হলেও ডা. জুবাইদা রহমান রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নন। তবে ২০০৭ সালে তার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছিল। ২০১৭ সালে আদালত তাকে বিচারিক আদালতে উপস্থিত হতে নির্দেশ দেন। ২০২৩ সালে তার বিরুদ্ধে বিচার শুরু হয়।