২০ বছরের অধিক সাজা ভোগ করা কারাবন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে ২০ বছর বা তার বেশি সাজা ভোগ করা কারাবন্দীদের মুক্তির দাবিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ভুক্তভোগী বন্দীদের পরিবারের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনটির সভাপতি মাওলানা মীর ইদরীস (হাফিঃ) বলেন, "বিগত আওয়ামী সরকার তার স্বৈরাচারী শাসন টিকিয়ে রাখতে নিরপরাধ বহু মানুষকে জঙ্গী নাটক সাজিয়ে গ্রেফতার করেছে এবং মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করেছে।" তিনি আরও বলেন, "এদের মধ্যে অনেকেই দীর্ঘ মেয়াদে সাজা ভোগ করছে, তাদের মুক্তি এখনো দেওয়া হয়নি।"
মাওলানা ইদরীস জানান, "যাদের গ্রেফতার করা হয়েছে তারা অধিকাংশই সাধারণ মানুষ বা রাজনৈতিকভাবে আওয়ামী বিরোধী। ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হলেও সেই সময় গ্রেফতার হওয়া মানুষদের এখনো মুক্তি দেয়া হয়নি, বরং তারা এখনও বিভিন্ন হয়রানির শিকার হচ্ছেন।"
তিনি এই মানববন্ধনে সরকারের প্রতি আহ্বান জানান, "আওয়ামী জঙ্গী নাটকের শিকার হয়ে জেলে থাকা কারাবন্দীদের মুক্তি দেয়ার জন্য দ্রত কমিশন গঠন করা হোক।"
এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মীর ইদরীসের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি মুহাম্মদ শফিকুল ইসলামের সঞ্চালনায় অনেক সমর্থক এই মানববন্ধনে অংশ নেন।