প্রধান উপদেষ্টা যোগ দিয়েছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বৈঠকে
ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তৈরির বিষয়ে সর্বদলীয় বৈঠকে অংশ নিতে প্রবেশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪.১৭ মিনিটে তিনি বৈঠকে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে পৌঁছান।
গতকাল (বুধবার) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, আজ বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। বৈঠকে জুলাই ঘোষণাপত্রে কী থাকবে, কবে এটি জারি হবে এবং সরকার কীভাবে এতে ভূমিকা রাখবে, এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, বৃহস্পতিবারের বৈঠকে এসব বিষয় চূড়ান্ত করা হবে।
এছাড়া, জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের আনুষ্ঠানিক স্বীকৃতি ও দলিল সংরক্ষণের জন্য গত বছরের ৩১ ডিসেম্বর প্রক্লেমেশন জারি করার ঘোষণা দিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে ৩০ ডিসেম্বর সরকার জানায়, তারা সব রাজনৈতিক দল ও পক্ষকে সঙ্গে নিয়ে এই প্রক্লেমেশন জারি করবে। ১৫ জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন জারির আলটিমেটাম দেওয়া হয়েছিল, যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটির সমাবেশে জানিয়েছিল।