শাহজালাল বিমানবন্দরে প্রবেশের বিদ্যমান নিরাপত্তা পাস স্থগিত
• ৩০ নভেম্বর থেকে নিতে হবে নতুন পাস
ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সব ধরনের নিরাপত্তা পাস স্থগিত ঘোষণা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। ৩০ নভেম্বর থেকে পাসগুলোর কোনো কার্যকারিতা থাকছে না। তবে এভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) ইস্যু করা এভসেক আইডি নম্বরসহ নতুন পাস নিয়ে বিমানবন্দরে প্রবেশ করা যাবে। বেবিচক সূত্রে এই তথ্য জানা গেছে।
বিমানবন্দর সূত্র জানায়, বিভিন্ন বিভাগের কর্মী, এয়ারলাইন্সগুলোর কর্মীসহ দায়িত্বরত বিভিন্ন কর্মীদের বিমানবন্দর এলাকায় দায়িত্ব পালন করতে হয়। এক্ষেত্যে তারা বেবিচক থেকে ইস্যু করা পাস ব্যবহার করে থাকেন। তবে বিগত সরকারের আমলে ইস্যু করা পাসগুলো ৩০ নভেম্বর থেকে বাতিল হচ্ছে।
সম্প্রতি পুরনো পাস স্থগিত করে জরুরি সার্কুলার জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এতে সাক্ষর করেছেন বেবিচকের সদস্য (সিকিউরিটি) এয়ার কমোডর মোহাম্মদ নাইমুজ্জামান খান।
ওই সার্কুলারে বলা হয়েছে, বেবিচকের এয়ারপোর্ট পাস নীতিমালা-২০২০ অনুযায়ী ৩০ নভেম্বর থেকে আগের ইস্যু করা পাসগুলো স্থগিত ঘোষণা করা হলো। ঢাকা এয়ারপোর্টে (শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) চলাচলের জন্য সিভিল এভিয়েশন অথরিটির নিয়ন্ত্রণাধীন এভিয়েশন সিকিউরিটি ফোর্সের (এভসেক) ইস্যু করা এভসেক আইডি নম্বরসহ নতুন পাস সংগ্রহ করতে হবে।
বেবিচক কর্তৃপক্ষ বিমানবন্দরের যাত্রীসহ সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করার যে অঙ্গীকার করেছিল, সেটি বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়।
ওই সার্কুলারে আরও বলা হয়, নিয়ন্ত্রিত টার্মিনাল, এয়ারসাইডে প্রবেশ ও দায়িত্ব পালনের জন্য আগামী ৩০ নভেম্বর থেকে বৈধ এভসেক আইডি সম্বলিত পাস থাকতে হবে। সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত প্রক্রিয়া মেনে এভসেক আইডি নিতে বলা হচ্ছে। নতুন এভসেক আইডি সম্বলিত পাস ছাড়া অন্য কোনো পাস নিয়ে বিমানবন্দরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না।