তাকসিম এ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ রাত ০৮:২৮, সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৪ ভাদ্র ১৪৩১
দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে।
সোমবার (১৯ আগস্ট) পুলিশের বিশেষ শাখায় (এসবি) এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে দুদক। চিঠিতে তাকসিম সংশ্লিষ্ট সব কাগজপত্রও তলব করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে, বৃহস্পতিবার (১৫ আগস্ট) ঢাকা ওয়াসার এমডির পদ থেকে পদত্যাগ করেন তাকসিম। এরপর তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক।
দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দুদক জানায়, তাকসিমের নিয়োগ সংক্রান্ত কাগজপত্র চেয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দেওয়া হয়েছে। নানা অনিয়মের অভিযোগ ও বিতর্কের পর তাকসিম গত ১৫ বছর ধরে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।