দেশবাসীর উদ্দেশে ড. ইউনূসের বার্তা
নোবেলবিজয়ী প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস দেশবাসীর উদ্দেশে বলেছেন, আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে। অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন।
বুধবার (০৭ আগস্ট) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি।
ছাত্র-দলমতনির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ জানিয়ে মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণেরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে সুযোগটি আমরা হারাতে পারি না।
তিনি বলেন, ‘সহিংসতা আমাদের সবারই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সবাই শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশপাশের সবাইকে শান্ত থাকতে সহায়তা করুন।’
চিকিৎসার জন্য বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন ড. ইউনূস। তিনি আগামীকাল বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন। তিনি আসার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।