সংবিধান ও আইনের আলোকে কারফিউতে দায়িত্ব পালন করবে সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ রাত ১১:০০, রবিবার, ৪ আগস্ট, ২০২৪, ২০ শ্রাবণ ১৪৩১
দেশে চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হওয়ায় সরকারের জারি করা কারফিউতে বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন করবে।
রোববার (০৪আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। জনগণের জানমাল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান ও দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুত দায়িত্ব পালন করবে। এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।