ব্যাংকের বোর্ডে নারী কর্মকর্তার হার কমেছে
ব্যাংকে নারী কর্মকর্তার সংখ্যা সামষ্টিকভাবে বাড়লেও পরিচালনা পর্ষদে নারীদের উপস্থিতি কমেছে। ২০২৩ সালের ডিসেম্বর শেষে ব্যাংকের পরিচালনা পর্ষদে নারী পরিচালক ছিলেন ১৩ দশমিক ৫১ শতাংশ। কিন্তু এক বছর আগে অর্থাৎ ২০২২ সাল শেষে তা ছিল ১৪ দশমিক ২২ শতাংশ। গতকাল সোমাবার প্রকাশিত বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া যায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, বর্তমানে মোট ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা ২ লাখ ৩ হাজার ৬৯৬ জন। এর মধ্যে নারী কর্মীর সংখ্যা ৩৩ হাজার ৩৪৬ জন। অর্থাৎ বর্তমানে ব্যাংক খাতে নারী কর্মীর পরিমাণ ১৬ দশমিক ৩৭ শতাংশ।
তথ্য বলছে, ২০২৩ সালে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের বোর্ডে নারী পরিচালকদের হার ছিল ৮ শতাংশ। তবে বিশেষায়ীত ব্যাংকের বোর্ডে নারীদের কোনো অংশগ্রহণ ছিল না। বেসরকারি ব্যাংকের পর্ষদে ১৪ দশমিক ১৬ শতাংশ ও বিদেশী ব্যাংকের পর্ষদে ১৭ দশমিক ৫৪ শতাংশ ছিল নারী পরিচলকের হার। অথচ আগের বছর ২০২২ সাল শেষে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের বোর্ডে নারীদের উপস্থিতি ছিল ১০ শতাংশ, বিশেষায়ীত ব্যাংকের বোর্ডে ৪ শতাংশ, বেসরকারি ব্যাংকের পর্ষদে ১৪ দশমিক ৭১ শতাংশ ও বিদেশী ব্যাংকের পর্ষদে নারীদের উপস্থিতি ছিল ১৮ দশমিক ৬০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৩ সালে দ্বিতীয়ার্ধে (জুলাই-ডিসেম্বর) দেশের ব্যাংক খাতে নারী কর্মীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৩ হাজার ৩৪৬ জন। ছয় মাস আগে সংখ্যাটি ছিল ৩২ হাজার ৫৬৭ জন। সেই হিসাবে বছরের দ্বিতীয়ার্ধে ব্যাংক খাতে নারীর কর্মসংস্থান বেড়েছে। বর্তমানে ব্যাংকে নারী কর্মকর্তার হার ১৬ দশমিক ৩৭ শতাংশ।
২০২২ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে নারী কর্মীর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩১ হাজার ৯৩৯ জন। ছয় মাস আগে সংখ্যাটি ছিল ৩১ হাজার ৫৪৮। তারও ছয় মাস আগে ২০২২ সাল শেষে ছিল ৩১ হাজার ৯৩৯ জন। সেই হিসাবে ২০২৩ সাল শেষে ব্যাংক খাতে নারীর কর্মসংস্থান বেড়েছে। বর্তমানে ব্যাংকে নারী কর্মকর্তার হার ১৬ দশমিক ৩৭ শতাংশ।
দেশে কার্যরত তফসিলি ব্যাংকের মধ্যে ৪৩টি বেসরকারী বাণিজ্যিক ব্যাংকে সর্বোচ্চ সংখ্যক নারী কর্মকর্তা/কর্মচারী ২২ হাজার ২৪৮ জন রয়েছেন, যা মোট কর্মকর্তা/কর্মচারীর ১৬ দশমিক ৩২ শতাংশ। ৬টি রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক নারী কর্মকর্তা/কর্মচারী ৮ হাজার ২০৬ জন কর্মরত রয়েছেন, যা মোট কর্মকর্তা/কর্মচারীর ১৬ দশমিক ৩১ শতাংশ। ৯টি বিদেশী বাণিজ্যিক ব্যাংকে সবচেয়ে কম সংখ্যক নারী কর্মকর্তা/কর্মচারী ৯৮১ জন কর্মরত থাকলেও অন্যান্য ব্যাংকসমূহের তুলনায় বিদেশী বাণিজ্যিক ব্যাংকসমূহে নারী কর্মকর্তা/কর্মচারীর হার সবচেয়ে বেশি ২৪ দশমিক ১৮ শতাংশ।