মতিঝিলে হামলার ঘটনায় দুজন গ্রেপ্তারের খবর জানিয়েছেন ২ উপদেষ্টা
রাজধানীর মতিঝিলে বুধবার (১৫ জানুয়ারি) বিক্ষোভ কর্মসূচিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে এ বিষয়ে তথ্য জানিয়েছেন। আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে হামলার কিছু ছবি শেয়ার করে লেখেন, “এই ঘটনার অবশ্যই বিচার হবে। দুইজন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে।” মাহফুজ আলমও একই দিনে ফেসবুকে পোস্ট করে বলেন, “ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য যারা জড়িত, তাদেরও গ্রেপ্তার করা হবে। ঘটনার পূর্বাপর তদন্ত হবে।”
এ হামলার ঘটনা ঘটেছে পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ সংযোজন নিয়ে মতিঝিলের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের সামনে দুটি পক্ষের বিক্ষোভের সময়। সংঘর্ষে কয়েকজন সাংবাদিক ও নারীসহ আহত হন। ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ নামের একটি সংগঠন ৫ দফা দাবিতে এনসিটিবি ভবন ঘেরাও করে এবং একই সময়ে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা’ গ্রাফিতির পুনর্বহালের দাবিতে কর্মসূচি পালন করতে আসে, তখনই হামলার ঘটনা ঘটে।