সাহস্র প্রাণীকে বিনামূল্যে চিকিৎসা দিলো সিকৃবির মেডিসিন বিভাগ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ভেটেরিনারি অ্যানিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল অনুষদের মেডিসিন বিভাগের আয়োজনে সিলেটের জৈন্তাপুরে বিনামূল্যে গবাদিপশুর চিকিৎসা ও টিকাদান কর্মসূচি পালন করা হয়েছে। এসময় প্রায় সহস্র প্রাণীকে বিভিন্ন রোগের চিকিৎসা ও টিকা দেয়া হয়।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল আটটায় সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের বালিয়াপাড়া এলাকায় অর্ধদিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। এসময় ২৮৬ টি গবাদিপশুকে তাড়কা, গলা ফুলা, পিপিআর ও বাদলা রোগের টিকা দেয়া হয়। এছাড়াও ৪১০ টি প্রাণীকে মাল্টি ভিটামিন, ৪৫০টি প্রাণীকে কৃমিনাশক ও বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়েছে।
এ কর্মসূচির তত্ত্বাবধানে থাকা সিকৃবির মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোঃ বাশির উদ্দিন বলেন, আমরা আমাদের মেডিসিন বিভাগ থেকে প্রতিবছর সিলেটের বিভিন্ন এলাকায় এমন আয়োজন করে থাকি। এবার সিলেটের জৈন্তাপুর উপজেলার প্রত্যন্ত এলাকার পশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও টিকা প্রদান করি। আমরা এই এলাকায় বেছে নিয়েছি কারন এইসব এলাকার মানুষ আর্থিকভাবে অস্বচ্ছ ও আশেপাশে প্রাণী চিকিৎসাকেন্দ্র না থাকায় তাদের প্রাণীদের চিকিৎসা করাতে পারে না। আমরা চেষ্টা করেছি যেসব প্রাণীদের উপর নির্ভর করে প্রান্তিক ছোট খামারিদের খাদ্যের যোগান হয় সেই প্রাণীগুলো যেন উৎপাদন উপযোগী এবং বিভিন্ন রোগবালাই থেকে মুক্ত থাকে। আমাদের এরকম আয়োজনের ধারাবাহিকতা ভবিষ্যতেও মানুষ ও প্রাণীর কল্যানে অব্যাহত থাকবে
এসময় কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মাসুদ, সিকৃবির মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শাহিদুর রাহমান চৌধুরী ও সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোঃ মাহফুজুল হক মামুন। এছাড়াও ভেটেরিনারি অ্যানিম্যাল অ্যান্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে।
কর্মসূচিতে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের মধ্যে তুষার কান্তি বলেন, মেডিসিন বিভাগের এরকম কর্মসূচির মাধ্যমে একজন ভেটেরিনারি শিক্ষার্থীর জন্য একটা শেখার জায়গা তৈরি হয় ও অন্যদিকে নিম্ন আয়ের খামারিরা বিনামূল্যে চিকিৎসা, টিকা ও সুপরামর্শ পাওয়ার সুযোগ তৈরি হয় । আমরা সাধারণ শিক্ষার্থীরা মনে করি এরকম কর্মসূচির ধারাবাহিকতা থাকলে আমাদের শেখার সুযোগের জায়গাটা বিস্তার হবে এবং ভবিষ্যতে প্রাণিসম্পদ রক্ষায় আমরা অবদান রাখতে পারবো।
এবারের বিনামূল্যে গবাদিপশুর চিকিৎসা ও টিকাদান কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় ছিলো জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, একমি ফার্মাসিউটিক্যালস ও নাভানা ফার্মাসিউটিক্যালসের ভেটেরিনারি ডিভিশন।
উল্লেখ্য, প্রাণী স্বাস্থ্যের গুরুত্ব উপলব্ধির লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে সিকৃবি মেডিসিন বিভাগ প্রতিবছর এ ধরনের কর্মসূচির আয়োজন করে থাকে। তার ধারাবাহিকতায় এবছরও গবাদিপশুর বিনামূল্যে চিকিৎসা কর্মসূচি পালন করা হলো।