প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের পথে হাটুন: রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, "আমরা সংস্কার চাই, তবে তা দীর্ঘ সময়ের জন্য নয়। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচনের প্রক্রিয়া শুরু করুন, নাহলে জনগণ গণ আন্দোলনে উদ্বুদ্ধ হবে। জনগণ যাকে খুশি ভোটের মাধ্যমে তাদের সরকার বেছে নেবে।"
শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর ডেমরা হাজীনগর সেবা হাসপাতালের সামনে শীতার্তদের মাঝে শীত বস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত সভাপতি এসএম সেলিম রেজা, এবং সঞ্চালনায় ছিলেন ডেমরা বিএনপির প্রস্তাবিত সাধারণ সম্পাদক আনিসুজ্জামন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিনের আহ্বায়ক এবং ডেমরা থানা বিএনপির প্রধান সমন্বয়ক, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য প্রত্যাশী নেতা নবীউল্লাহ নবী।
নবীউল্লাহ নবী বলেন, "বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে, এবং সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপির অনেক নেতাকর্মী হত্যা, গুম এবং নির্যাতনের শিকার হয়েছে। অবিলম্বে নির্বাচন দিয়ে মানুষের আকাঙ্খা পূরণ করুন।"
এ সময় ৫ শতাধিক কম্বল ও শীত বস্ত্র দুস্থ ও গরীব শীতার্থদের মাঝে বিতরণ করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমগীর মিয়া, জাকির হোসেন, নজরুল ইসলাম সকাল, মো. হাফিজ চেয়ারম্যান, বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ।