কেশবপুরে বিএনপির পথসভা ও মিছিল
যশোরের কেশবপুরের সাতবাড়িয়া বাজারে বিএনপি পথসভা, মিছিল এবং দল ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল ইসলামের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। তিনি বলেন, "জনগণের আকাঙ্ক্ষা ও সময়ের চাহিদা অনুযায়ী রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কারে বিএনপি অঙ্গীকারাবদ্ধ।" তিনি আরও জানান, ২০২৩ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন এবং বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই ৩১ দফা বাস্তবায়ন করবে।
অমলেন্দু দাস অপু বিএনপির নেতাকর্মীদের জনগণের পাশে দাঁড়িয়ে তাদের মন জয় করতে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, "গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী হাসিনার পতন হলেও তার দোসররা প্রশাসনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় এখনও বহাল রয়েছে এবং তারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। এদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।"
পথসভায় আরও বক্তব্য দেন পৌর যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা, ইউনিয়ন বিএনপির নেতা হাবিবুর রহমান, আমানত আলী, মোবারক খাঁ, আহাদ মোড়ল, যুবদল নেতা আজহারুল ইসলাম, শেখ হাবিবসহ আরও অনেকে। পরে সাতবাড়িয়া বাজারে একটি মিছিল অনুষ্ঠিত হয়, এবং বিএনপির নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার লিফলেট বিতরণ করেন।