আওয়ামী দুঃশাসনের যেন পুনরাবৃত্তি না হয়: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সরকারের দুরশাসনের পুনরাবৃত্তি যেন আর না হয়। তিনি শনিবার (১৮ জানুয়ারি) রাত ১১টায় রাজধানী তুরাগের রানাভোলা ৫৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন উপলক্ষে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
রিজভী বলেন, "অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলছি, আপনি অনেক রক্ত ঝরানো, রক্তাক্ত পিচ্ছিল পথে ক্ষমতায় এসেছেন। আপনার দায়িত্ব একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ নিশ্চিত করা, কিন্তু তা আমরা দেখতে পাচ্ছি না।" তিনি আরও বলেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ দেশে পুলিশী রাজত্ব প্রতিষ্ঠা করেছে, যেখানে মৌলিক অধিকার ও নাগরিক স্বাধীনতা পুরোপুরি হরণ করা হয়েছে।
বাংলাদেশে আওয়ামী দুঃশাসনের পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে তিনি আশাবাদী। তিনি বলেন, "আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার উল্টো করবে। মানুষের নিরাপত্তার জন্য কাজ করে যাবে।"
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, গত ১৭ বছর ধরে তারা নির্যাতিত হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছে। তিনি দাবি করেন, জনগণের আন্দোলনের ফলস্বরূপ বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই সরকারের কাছে দাবি জানান, অবিলম্বে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন আয়োজন করতে হবে।
মোস্তফা জামান বলেন, "শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছেন, আমরা তা করতে চাই না। আমরা জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই।" তিনি আরও বলেন, বিএনপি প্রতিহিংসা পরায়ণ নয় এবং ভ্রাতৃত্বের বাংলাদেশে বিশ্বাসী।
এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, এম কফিল উদ্দিন আহমেদ, আফাজ উদ্দিন, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ চান মিয়া বেপারী, এবং অন্যান্য নেতারা।