হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত স্থির না: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কোনোভাবেই স্থির হতে পারছে না। তিনি বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগতভাবে অপপ্রচার, মিথ্যাচার এবং অপ-তথ্য প্রচার করছে, যা পৃথিবীর অন্য কোনো দেশ করছে না।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর মধ্যবাড্ডায় "আমরা বিএনপি পরিবার" উদ্যোগে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, ভারত অত্যন্ত অস্থির হয়ে গেছে শেখ হাসিনার জন্য। তিনি হাসিনাকে "নরপিশাচ" হিসেবে উল্লেখ করে বলেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সম্পর্কে বারবার অপতথ্য দেওয়া হচ্ছে, কিন্তু বাংলাদেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই শান্তিপূর্ণভাবে একসঙ্গে বসবাস করছে। তিনি ভারতকে সমালোচনা করে বলেন, "সংখ্যালঘু নিপীড়ন হয় ভারতে, বাংলাদেশে নয়।"
তিনি ভারতকে সাবধান করে বলেন, "বাংলাদেশের মানুষের দেশপ্রেম, জাতীয়তাবাদ এবং স্বাধীনতা রক্ষার চেতনা অনেক বেশি শক্তিশালী। ভারতের অস্ত্রশক্তি দিয়ে বাংলাদেশের জনগণের এই শক্তিকে মাপা সম্ভব নয়।"
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে রিজভী বলেন, অবিলম্বে রাজনৈতিক শক্তির কাছে ক্ষমতা নিয়ে আসতে হবে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে, যাতে ২০১৪ সালের মতো মিডনাইট নির্বাচন পুনরাবৃত্তি না ঘটে।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম, সহঅর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল প্রমুখ।