জুনের আগেই নির্বাচন সম্ভব: প্রিন্স
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তাবিত সংস্কার আগামী বছরের জুনের আগে নয়, এবছর জুনের আগেই সম্ভব। তবে, তিনি অভিযোগ করেন যে, রাজনৈতিক দল ও জনগণকে অন্ধকারে রেখে সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত করা হচ্ছে।
এমরান সালেহ প্রিন্স আজ সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভূনবনকূড়া ইউনিয়নের মহিষলেটি গ্রামে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
কৃষক সমাবেশে তিনি আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা সবচেয়ে বড় সংস্কার হবে। নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা গৃহীত সংস্কার হবে টেকসই ও গ্রহণযোগ্য, এবং এসব সংস্কার জনগণের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। তিনি বলেন, জনগণের জীবিকার প্রতি মনোযোগ দিয়ে, বিশেষ করে গ্রামের কৃষক-খেতমজুরদের সমস্যাগুলি প্রতিফলিত করতে হবে।
এমরান সালেহ প্রিন্স বিএনপি সরকারের অধীনে জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অসচ্ছল পরিবারগুলোর জন্য সহায়তা, পল্লী রেশনিং, কৃষি ভর্তুকি, শস্য বীমা, পশু ও মৎস্য বীমার মতো জনকল্যাণমূলক কর্মসূচি চালু করার প্রতিশ্রুতি দেন।
সমাবেশে উপস্থিত কৃষক প্রতিনিধিরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন, বিশেষ করে সেচের সময় বিদ্যুৎ সমস্যা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, কৃষিপণ্যের ন্যায্য মূল্য না পাওয়া, কৃষি বিপণনের সমস্যা ইত্যাদি নিয়ে আলোচনা করেন এবং সমস্যা সমাধানের আহ্বান জানান।
সমাবেশে ইউনিয়ন কৃষক দলের সভাপতি আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আসলাম মিয়া বাবুল, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, পৌর ছাত্র দলের আহ্বায়ক নূরে আলম জনি প্রমুখ।