নবীনদের পদচারণায় মুখরিত ঢাকা কলেজস্থ ভোলা জেলা ছাত্র কল্যাণ
'এসো হে নবীন, বাজিয়ে সুর-লহরী উল্লাসিত নব বীণ। আজ সুর মিলিয়ে গাইব জয়যাত্রার গান, আনন্দে আহ্লাদিত নবীন প্রাণ।’ নবাগত শিক্ষার্থীদের বরণ করতে এমন বাক্যই যেন উচ্চারিত হয়েছে ঢাকা কলেজের প্রবীণদের কণ্ঠে। এদিন ভোলা থেকে আগত ২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের জন্য ঢাকা কলেজস্থ ভোলা জেলা ছাত্র কল্যাণের পক্ষ থেকে করা হয়েছে ভিন্ন আয়োজন। তাদেরকে বরণ করে নিতে হেল্প ডেস্ক বসানো হয়েছে কলেজ প্রাঙ্গণে।
বুধবার (৯ অক্টোবর) ভোলা জেলা ছাত্র কল্যাণ সমিতির পক্ষ থেকে নবাগত ডিসিয়ানদের দিনব্যাপী বরণ করে নেওয়া হয়।
ছাত্রকল্যাণের সভাপতি প্রার্থী সাইফুল ইসলাম শাকিল বলেন, ভোলা জেলা থেকে আগত ঢাকা কলেজস্থ সকল শিক্ষার্থীদেরকে নিয়ে সংগঠনটি তৈরি করা হয়েছে। ছাত্র কল্যাণ পরিষদ সবসময় ছাত্রদের জন্য কাজ করবে। শিক্ষার্থীরা কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা সর্বদা তাদের পাশে থাকব এবং তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেব। তাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করব। শিক্ষার্থীদের তুলনায় ঢাকা কলেজে আবাসিক হলের সংখ্যা খুবই অপ্রতুল। তবু আমরা জেলা থেকে আগত ছাত্রদের হলে উঠার ব্যবস্থা করে দেব।
এ বিষয়ে ভোলা জেলা ছাত্রকল্যাণের সাবেক দপ্তর সম্পাদক এখলাছ উদ্দিন বলেন, ঢাকা কলেজে অন্যান্য ছাত্রকল্যাণের ন্যায় ভোলা জেলা ছাত্রকল্যাণ ও একটা পরিবার। এই পরিবারের সকল সদস্যরা মিলে আমরা ভোলা জেলা থেকে আগত ২০২৩-২০২৪ সেশনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করার জন্য সব সময় পাশে থাকার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, আজকের ন্যায় সামনের দিনগুলোতেও আমাদের সার্বিক সহযোগিতার ধারা অব্যহত থাকবে এবং অতীতের ন্যায় বর্তমানে চালু রেখে ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। আমরা আমাদের ভোলা জেলার সকল ভাইদের সার্বিক সহযোগিতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।