বিএনপির সমাবেশ আজ
ঢাকাসহ সারা দেশের বিভাগীয় শহরগুলোতে ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ করবে বিএনপি। এ সমাবেশ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে। এছাড়া বিভাগীয় শহরগুলোতে এ দিবস উপলক্ষে শোভাযাত্রা করবেন বিএনপির নেতাকর্মীরা।
আজ দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু হবে। সমাবেশের প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতাকর্মীদের উদ্দেশে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ও জ্যেষ্ঠ নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।
বিভাগীয় শহরগুলোর শোভাযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
গত ১৫ সেপ্টেম্বর সমাবেশটি হওয়ার তারিখ নির্ধারণ করেছিল বিএনপি। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে দুই দিন পিছিয়ে সমাবেশের তারিখ ১৭ সেপ্টেম্বর পুনর্নির্ধারণ করা হয়।